পাকিস্তানে আবার ন্যাটোর ট্রাকে আগুন, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৃথক হামলা চালিয়ে ন্যাটোর রসদবাহী দুটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। তেল ও গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ২০ কিলোমিটার দক্ষিণে আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছে ম্যাংগোচার এলাকায় প্রথম হামলাটি হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা আজিজ ফয়সাল জানান, মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী ন্যাটোর রসদবাহী ট্রাক থামিয়ে চালক ও তাঁর সহকারীকে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। কোয়েটার ২৮০ কিলোমিটার দক্ষিণে বাঘবানা এলাকায় অপর একটি রসদবাহী ট্রাকে বন্দুকধারীরা গুলি করে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ট্রাকের চালক নিহত ও ১২ বছর বয়সী এক শিশু আহত হয়। দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে উত্তর-পশ্চিম পাকিস্তানে মার্কিন পরিচালিত চালকহীন বিমান হামলার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের তালেবানরা অতীতে এ ধরনের বেশ কয়েকটি হামলা চালায়। এএফপি।