পাকিস্তানে আবার ভূমিকম্প
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গতকাল শনিবার আবারও ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা সামলে না উঠতেই নতুন এ ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আওয়ারান জেলার ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছে।
বেলুচিস্তানে গত সপ্তাহের ভূমিকম্পে অন্তত ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন এ ভূমিকম্প সিন্ধু প্রদেশ এমনকি উত্তরে ভারতের দিল্লি পর্যন্ত অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের পরিচালক জাহিদ রফি জিয়ো টেলিভিশনকে বলেন, এটি গত সপ্তাহের ভূমিকম্পের পরঘাত নয়, বরং পৃথক একটি ভূমিকম্প। বিবিসি ও ডন।