পাকিস্তানে আবারও মার্কিন ড্রোন হামলা নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদ ও ওয়াশিংটন সম্পর্কের চলমান টানাপোড়েনের মধ্যে পাকিস্তানে আবারও চালকবিহীন বিমান বা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় চালানো এই হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন। পাকিস্তানের জিয়ো টেলিভিশনের খবরে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের একটি বাড়ি লক্ষ্য করে চালকবিহীন একটি মার্কিন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর ওই বাড়িতে আগুন ধরে যায়। এতে চার ব্যক্তি নিহত হন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।গত বছরের ১৭ নভেম্বরের পর এই প্রথম পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল। গত ২৬ নভেম্বর পাকিস্তানের একটি সেনাঘাঁটিতে ন্যাটো বিমান হামলা চালায়। এতে পাকিস্তানের ২৬ জন সেনা নিহত হন। ওই ঘটনার পর ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়। এরপর পাকিস্তানে সব ধরনের বিমান হামলা সাময়িকভাবে স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। এএফপি।