পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ সপ্তাহের শুরুতে দেশটিতে আরেকটি ভূমিকম্পের আঘাতে ৪০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, পাকিস্তানের বন্দরনগরী করাচি থেকে ২৫০ কিলোমিটার উত্তরে ভূকম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের কারণে বেলুচিস্তান ও সিন্ধু অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। দেশটির সীমান্তবর্তী কোয়েটা অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর পাকিস্তানে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৪০০ লোকের প্রাণহানির ঘটনা ঘটে। সরকারি সূত্রে জানা গেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির তিন লাখ মানুষ। ক্ষতিগ্রস্তরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। সরকারি সূত্রগুলো বলছে, পাকিস্তানে জঙ্গিদের তত্পরতা ও সড়কের অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্তদের কাছে সময়মতো ত্রাণ পৌঁছানো যাচ্ছে না।