পাকিস্তানে আরও বড় হামলা চালানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সরকারি ও সামরিক স্থাপনার ওপর আরও বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে তালেবান জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পাকিস্তান যাতে বাধ্য হয়, এ লক্ষ্যে তারা এ হামলা চালানোর শপথ নিয়েছে। অজ্ঞাত স্থান থেকে পাকিস্তানের দৈনিক দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জ্যেষ্ঠ নেতা মাওলানা ফকির মোহাম্মদ। গতকাল শুক্রবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়। ফকির মোহাম্মদ বলেন, তাঁর সংগঠন কৌশল পাল্টেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর আরও বড় ধরনের হামলা চালানো হবে। এখন তাদের প্রথম লক্ষ্য হলো, সরকার ও সামরিক স্থাপনার বিরুদ্ধে হামলা চালানো।ফকির মোহাম্মদ জোর দিয়ে বলেন, ‘আমাদের নতুন কৌশল হলো, নিরাপত্তা বাহিনীর প্রতিটি স্তরের কর্মীদের মনোবল দুর্বল করতে সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো এবং সরকারের বিরুদ্ধে তাদের খেপিয়ে তোলা। আমরা বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যাও কমাতে চাই। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, সহযোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারকে সম্পর্ক ত্যাগে বাধ্য করা।’গত ২২ মে করাচিতে পিএনএস মেহরান ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় ১০ জন নিরাপত্তাকর্মী এবং যুক্তরাষ্ট্রের তৈরি পর্যবেক্ষণকারী দুটি বিমান বিধ্বস্ত হয়। এ সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে শতাধিক তালেবান জঙ্গি গোপনে প্রত্যন্ত দির অঞ্চলে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। এতে প্রায় ৩০ জন নিরাপত্তাকর্মী নিহত হয়। দ্য নিউজ ও পিটিআই।