পাকিস্তানে আরেক স্কুলছাত্রীকে তালেবানের হুমকি
মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার রেশ কাটতে না কাটতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াতে আরেক স্কুলছাত্রীকে হুমকি দিয়েছে তালেবান। ওই ছাত্রীর নাম হিনা খান। নিরাপত্তার অভাবে সে সোয়াত ছেড়ে ইসলামাবাদে আশ্রয় নিয়েছে।সোয়াতের মালাকান্দ উপত্যকায় তালেবানের নৃশংসতার বিরুদ্ধে হিনার ভূমিকা ছিল অগ্রগণ্য। সে তালেবানের হিটলিস্টে রয়েছে। হিনা বলে, ‘বারবার আবেদন সত্ত্বেও আমার ও পরিবারকে রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সোয়াত থেকে পালিয়ে ইসলামাবাদে আসার পরও আমাদের নিরাপত্তা দেওয়া হয়নি। এটা আমার পরিবারের জন্য খুবই কষ্টকর।’২০০৯ সালে প্রকাশ্যে হিনা তালেবানের নৃশংসতার নিন্দা জানায়। হিনা খান জানায়, ‘সোয়াতে নারীশিক্ষার ওপর জঙ্গিদের হুমকির কারণে আমার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে আসি। তবে তালেবানের হুমকির কারণে ইসলামাবাদেও আমার স্কুলে যাওয়া হবে না বলে মনে হচ্ছে।’এ ছাড়া ইসলামাবাদের জিন্নাহ সুপার মার্কেট থেকে হিনা কিছু ছাত্রছাত্রী সঙ্গে নিয়ে একটি শান্তি শোভাযাত্রা বের করে। সে সোয়াতের নারীদের সমস্যার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে এ ধরনের শোভাযাত্রা বের করে। হিনা বলে, ‘মালালার ওপর হামলার পর আমি খুবই উদ্বিগ্ন। এ ছাড়া বারবার আমার পরিবারকে হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’ হিনার বাবা রাইতুল্লাহ খান বলেন, ‘গত আগস্টে আমার স্ত্রী ফারহাত খানকে হুমকি দেওয়ার পর আমি পরিবারকে নিয়ে বেশ উদ্বিগ্ন।’ ডন।