পাকিস্তানে আল-কায়েদা দমনের এখনই সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, পাকিস্তানে আল-কায়েদা দমনের এখনই সুযোগ। গত শুক্রবার লন্ডনে তাঁর ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠককালে ক্যামেরন এ কথা বলেন।যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। এ ছাড়া ক্যামেরন বলেন, আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পাকিস্তানের তালেবানকে রাজি করাতে হবে। এ ক্ষেত্রে ইসলামাবাদকে সচেষ্ট হতে হবে। প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট কার্যালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র বলেন, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন হত্যার পর এই প্রথম দুই নেতার সরাসরি বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলার ওপর জোর দেওয়া হয়। সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা—এ বিষয়ে দুই নেতা মতৈক্যে পৌঁছান। তাঁরা বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সর্বস্তর থেকে সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাসবাদের মূলোত্পাটনে পাকিস্তানের অঙ্গীকারকে স্বাগত জানিয়ে ক্যামেরন বলেন, দেশটিতে আল-কায়েদাবিরোধী লড়াইয়ের এখনই সুযোগ।আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মার্কিন বিশেষ বাহিনীরা হত্যা করে। এরপর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়।পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ দেয় এমন একটি দলকে সে দেশ থেকে প্রত্যাহারের জন্য যুক্তরাজ্যকে গত সোমবার আহ্বান জানায় ইসলামাবাদ। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে।ডাউনিং স্ট্রিটে জারদারি ও ক্যামেরনের বৈঠকে আফগানিস্তানে চলমান সংকট নিয়ে আলোচনা হয়। সেখানে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধানের চেষ্টাকে দুই নেতা স্বাগত জানান। তাঁরা বলেন, আঞ্চলিক ও বিশ্বশান্তির জন্যই আফগান সংকট নিরসন দরকার।২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে আফগান তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে হারানো ক্ষমতা ফিরে পেতে লড়াই চালিয়ে আসছে তালেবান।এক দশক ধরে চলা এই যুদ্ধ বন্ধে ও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সম্প্রতি তালেবানের সঙ্গে সমঝোতা আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও পাকিস্তান এ প্রক্রিয়ায় সহযোগিতা দিচ্ছে। এএফপি।