পাকিস্তানে আল-কায়েদার নতুন প্রধান ফারমান
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার পাকিস্তান শাখার নতুন প্রধান হয়েছেন ফারমান শিনওয়ারি। পাকিস্তানের দৈনিক পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে।সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, ফারমান শিনওয়ারিকে নতুন প্রধান করার ঘোষণা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে আল-কায়েদার দাওয়া শাখা। বিবৃতিতে দাওয়া জানায়, আল-কায়েদার বিশ্বনেতাদের সঙ্গে পরামর্শ করে ফারমান শিনওয়ারিকে নতুন প্রধান করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়েদার নেতা বদর মনসুরের সঙ্গে ফারমানের বেশ ঘনিষ্ঠতা ছিল। এ জন্য তাঁকে সংগঠনের নতুন প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে।দাওয়ার বিবৃতিতে জানানো হয়, ফারমান শিনওয়ারি পাকিস্তানের লান্ডিকোটাল অঞ্চলের শিনওয়ারি গোত্রের খুগাখেল উপগোত্রের যুবক। তাঁর বয়স ৩০ বছর। ফারমান লান্ডিকোটাল ডিগ্রি কলেজ থেকে রসায়ন ও জীববিদ্যায় স্নাতক ডিগ্রি নিয়েছেন। পিটিআই।