পাকিস্তানে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন প্রচার
ইসলাম ধর্মকে অবমাননাকারী চলচ্চিত্র নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করছে। চলচ্চিত্রটি নিয়ে পাকিস্তানে অব্যাহত বিক্ষোভের মুখে এ ধরনের উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র।বিজ্ঞাপনচিত্রে ওই চলচ্চিত্র নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিন্দা জানাতে দেখা যায়। এ ছাড়া ওই চলচ্চিত্রের বক্তব্য নাকচ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যে বিবৃতি দিয়েছেন, তা-ও সংযোজন করা হয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, পাকিস্তানের সাতটি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এসব চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করতে যুক্তরাষ্ট্র ৭০ হাজার মার্কিন ডলার খরচ করেছে। বিতর্কিত ওই চলচ্চিত্রবিরোধী বার্তা পত্রপত্রিকার প্রতিবেদনে গেলেও দেশটির সর্বস্তরের মানুষের কাছে তা ভালোভাবে পৌঁছাচ্ছে না বলে পাকিস্তানে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ধারণা করছিলেন। নুল্যান্ড বলেন, এ জন্যই মার্কিন দূতাবাস ওই বিজ্ঞাপনটি কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার করার উদ্যোগ নেয়।পাকিস্তানের মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিজ্ঞাপনটিকে ‘জনসেবামূলক ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। এই বিজ্ঞাপনটির মাধ্যমে পাকিস্তানের জনগণকে এটাই জানানোর চেষ্টা করা হয়েছে যে বিতর্কিত ওই চলচ্চিত্র মার্কিন সরকারের নির্মিত নয়, তাই এ ধরনের সহিংসতারও কোনো যৌক্তিকতা নেই। বিবিসি।