পাকিস্তানে এক জ্যেষ্ঠ সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের জ্যেষ্ঠ সাংবাদিককে বেদম পিটিয়েছে চারজন উগ্রবাদী ব্যক্তি। টেলিভিশন দেখেছেন ও গান শুনেছেন —এই অপরাধে নিজ বাসভবনের বাইরে ওই সাংবাদিককে মারধর করা হয়। পাকিস্তানের গণমাধ্যমের খবরে গতকাল এ কথা বলা হয়। গত ২৭ আগস্ট বন্দরনগর করাচিতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার দেশটির ইংরেজি দৈনিক দ্য নিউজ ডেইলির মতামত পাতার সম্পাদক জয়নুল আবেদিন এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু পুলিশ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। জয়নুল আবেদিন জানান, গত ২৭ আগস্ট রাত ১১টার দিকে চার ব্যক্তি গুলশান-ই-ইকবাল এলাকার তাঁর বাড়ির প্রধান ফটকে লাথি মারতে থাকে। ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলতে তিনি সেখানে গেলে তাঁকে সবাই ঘিরে ধরে ও তাঁর ওপর হামলে পড়ে। ওই চার অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদের একটি উগ্রবাদী গোষ্ঠীর সদস্য বলে দাবি করে। তারা জয়নুল আবেদিনের বিরুদ্ধে টেলিভিশন দেখা ও কাওয়ালি গান শোনার অভিযোগ এনে তাঁকে মারধর শুরু করে। একজন মুখে ঘুষি মারে। এতে তাঁর চশমা ভেঙে যায়। তারা তাঁকে চড় ও লাথি মারতে থাকে। পিটিআই।