পাকিস্তানে এখন বাংলাদেশ মডেলের সরকার: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বর্তমানে ‘অঘোষিত বাংলাদেশ-মডেলের সরকার’ দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানের পার্লামেন্টকে ‘অকেজো’ উল্লেখ করে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই পার্লামেন্টের কোনো ভূমিকা নেই। সিদ্ধান্ত আসছে অন্য জায়গা থেকে।পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাসের মাথায় এসব মন্তব্য করলেন গিলানি। তিনি গত বৃহস্পতিবার লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।দেশের ওপর পাকিস্তানের সর্বোচ্চ আদালতের ক্রমবর্ধমান প্রভাবের দিকে পরোক্ষভাবে ইঙ্গিত করে গিলানি বলেন, ‘একটি অঘোষিত বাংলাদেশ-মডেলের সরকার দেশে দায়িত্ব পালন করছে। কারণ, সব সিদ্ধান্ত অন্য জায়গা থেকে নেওয়া হচ্ছে। আর পার্লামেন্ট অকেজো। বিরোধী দলগুলো এ রকম সরকারই চায়।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সংবিধানকে সমুন্নত রাখতে গিয়ে আমি যখন বরখাস্ত হই, তখন পার্লামেন্ট তার ক্ষমতাকে আমার পেছনে রাখেনি। আর এখন দ্বৈত নাগরিকত্ব থাকা পার্লামেন্টের অন্য সদস্যরা বরখাস্ত হওয়ায় এটি (পার্লামেন্ট) এখন চোখের পানি ফেলছে।’প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকৃতি জানানোর পর গিলানিকে আদালত অবমাননার ঘটনায় দোষী সাব্যস্ত এবং প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জারদারি ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান।এ ছাড়া সুপ্রিম কোর্ট দ্বৈত নাগরিকত্ব থাকা ১১ জন কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনপ্রণেতাকেও বরখাস্ত করেছেন। পাশাপাশি পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের আসনটিও শূন্য ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। জারদারির ঘনিষ্ঠ সহযোগী মালিক ২০০৮ সালের নির্বাচনের সময় তাঁর ব্রিটিশ নাগরিকত্বের বিষয়ে মিথ্যা ঘোষণা দিয়েছিলেন।গিলানি বলেন, পার্লামেন্ট তার অধিকার প্রদর্শনে ব্যর্থ হয়েছে। দেশের সংবিধান রক্ষা করার জন্য যখন পাকিস্তানের পার্লামেন্টের প্রধানকে (প্রধানমন্ত্রীকে) সুপ্রিম কোর্ট বিদায়ের দরজা দেখিয়ে দিয়েছিল, তখন পার্লামেন্টের জেগে ওঠার দরকার ছিল। পিটিআই, হিন্দুস্তান টাইমস।