পাকিস্তানে কাদরির লংমার্চে গুলি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ধর্মীয় নেতা তাহির-উল কাদরির নেতৃত্বে আয়োজিত দুর্নীতিবিরোধী লংমার্চ-পরবর্তী বিক্ষোভসমাবেশে গতকাল মঙ্গলবার ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। পার্লামেন্টের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কাদরির সমর্থকেরা ইটপাটকেল ছোড়ার পর পুলিশ এই পদক্ষেপ নেয়। এতে ছয়জন বিক্ষোভকারী আহত হয়েছে।নির্বাচনী সংস্কারের দাবিতে কাদরি গত রোববার দুপুরে হাজারো সমর্থক নিয়ে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে লংমার্চ শুরু করেন। গত সোমবার মধ্যরাতে তিনি ইসলামাবাদে পৌঁছান।লংমার্চকে ঘিরে ইসলামাবাদে পুলিশের অতিরিক্ত ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। সভা-সমাবেশে নিষিদ্ধ করা হয় গুরুত্বপূর্ণ স্থানগুলোয়। লংমার্চে অংশ নেওয়া লোকজনকে এই বলেও সতর্ক করে দেওয়া হয়, লংমার্চে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। তা ছাড়া বলা হয়, ইসলামাবাদে কাদরি ও তাঁর সমর্থকদের ঢুকতেও দেওয়া হবে না। কিন্তু সব বাধা-নিষেধ উপেক্ষা করে কাদরি তাঁর সমর্থকদের নিয়ে রাজধানীতে ঢোকেন।ইসলামাবাদে পৌঁছানোর পরই কাদরি সমর্থকদের উদ্দেশে এক ভাষণ দেন। পার্লামেন্ট থেকে এক মাইল দূরে জিন্নাহ অ্যাভিনিউয়ে একটি মঞ্চে গুলিরোধক কাচের পেছনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘নৈতিকভাবে সরকার ও প্রাদেশিক পরিষদগুলো আজ রাতেই শেষ হয়েছে। কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদগুলো ভেঙে দিতে আমি সরকারকে আগামীকাল পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এর পরের সিদ্ধান্ত জনগণের।’গতকাল বেলা ১১টায় সেই সময়সীমা শেষ হওয়ার পর কাদরি আবারও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, তিনি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন দখলের নির্দেশ দিলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাদের ঠেকায়। কিন্তু তিনি চান না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক। তিনি বলেন, তাঁর লংমার্চ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। লংমার্চ শেষ করতে পারাটাই তাঁর বিপ্লবের বিজয়।কাদরির পেছনে সেনাবাহিনীর সমর্থন রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সারা বিশ্বে গণতন্ত্রে প্রচণ্ড বিশ্বাসীদের আমি একজন।’ তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ তৈরি করে দিতে প্রাদেশিক পরিষদগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী মার্চের মাঝামাঝি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সেনাবাহিনী ও বিচার বিভাগ মিলে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনে দুর্নীতিবাজ বা অপরাধীদের অংশগ্রহণ ঠেকাতে ব্যবস্থা নিতে হবে।কাদরির মুখপাত্র জানান, গতকালের পুলিশি অ্যাকশনে তাঁদের ছয়জন সমর্থক আহত হয়েছে। তবে পুলিশ যাতে কাদরিকে গ্রেপ্তার করতে না পারে, সে ব্যবস্থা তাঁরা নিয়ে রেখেছেন।পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় ধর্মীয় নেতা কাদরি কয়েক বছর টরন্টোতে কাটানোর পর গত মাসে দেশে ফেরেন। ডন, বিবিসি ও এএফপি।