পাকিস্তানে কারাগারে জঙ্গি হামলা, ৪০০ বন্দী পালিয়ে গেছে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরের কারাগারে গত শনিবার গভীর রাতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। এ সময় কারাগার থেকে অন্তত ৪০০ জন বন্দী পালিয়ে গেছে। প্রায় ১৫০ জঙ্গি অস্ত্র ও রকেটচালিত গ্রেনেড নিয়ে কারাগারে হামলা চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। টিটিপির মুখপাত্র এহসানুল্লাহ এহসান জানান, ‘বান্নুর কারাগারে হামলা চালিয়ে আমরা বিশেষ সদস্যদের মুক্ত করেছি। কারাগারে হামলার পর তাদের শতাধিক কমরেড পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে এই হামলার সঙ্গে টিটিপিই জড়িত কি না, সে ব্যাপারে পাকিস্তান সরকার এখনো নিশ্চিত নয়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইফতিখার খান জানান, শনিবার রাত একটার দিকে জঙ্গিরা হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে তারা তাণ্ডব চালায়। এ সময় তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন। তিনি জানান, পালিয়ে যাওয়া পাঁচ জঙ্গি আত্মসমর্পণ করেছে আর ছয়জনকে পরে তল্লাশি করে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের বান্নু কারাগারের আরেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মির সাহিব জান জানান, হামলাকারীর সংখ্যা ছিল প্রায় ১৫০ জন। জঙ্গিদের সশস্ত্র হামলায় কারাগার থেকে ৩০০ বন্দী পালিয়ে গেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক নিরাপত্তাকর্মী জানান, প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি), পিকআপ গাড়ি থেকে গুলি এবং গ্রেনেড ছুড়তে ছুড়তে জঙ্গিরা কারাগারের দিকে অগ্রসর হতে থাকে। হামলা চলাকালে ৩৮৪ জন বন্দি পালিয়ে গেছেন। এঁদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ওপর হামলাকারী বিমানবাহিনীর এক কর্মকর্তাও রয়েছেন। হামলার সময় বান্নু কারাগারে মোট ৯৪৪ জন বন্দী ছিল। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেন জানান, শনিবার রাতে হামলা চলাকালে ২০ জন বিপজ্জনক বন্দী ও কয়েকজন জঙ্গি পালিয়ে গেছেন। জঙ্গিরা কীভাবে হামলায় সফল হলো, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। সে সময় নিরাপত্তাকর্মীরা কী করছিলেন, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তথ্যমন্ত্রী আরও জানান, হামলার সময় জঙ্গিরা কারাগারের আশপাশের সব রাস্তা বন্ধ করে রেখেছিল। তারা ছয়টি ব্যারাক লক্ষ্য করে হামলা চালায়। ওই সব ব্যারাকে বিপজ্জনক জঙ্গিদের রাখা হয়েছিল। পাকিস্তানের আধা-সামরিক বাহিনী ও নিরাপত্তাকর্মীরা হামলাস্থল ঘিরে রেখেছেন। পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে পাকিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। গত কয়েক বছরে জঙ্গি হামলায় পাকিস্তানে চার হাজার ৯০০ জন নিহত হয়। পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গি দলগুলোর মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যকার অরক্ষিত সীমান্ত দিয়ে জঙ্গিদের যাতায়াত ও যোগাযোগ চলে। এএফপি, রয়টার্স।