পাকিস্তানে কারাগারে পুলিশের গুলিতে সাত কয়েদি নিহত
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের একটি কারাগারে গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে কয়েদিদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে সাত কয়েদি নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জনের বেশি কয়েদি ও পুলিশ। করাচি কেন্দ্রীয় কারাগারে ব্লাসফেমি আইনে ধর্মবিরোধী আচরণের দায়ে সাজাপ্রাপ্ত এক খ্রিষ্টান কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে।সিন্ধু প্রদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল কাদির থেবো বলেছেন, মঙ্গলবার দিবাগত রাতে হায়দ্রাবাদ কারাগারে কয়েদিরা আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হন। এ সময় তাঁদের হাতে অস্ত্র ছাড়াও মুঠোফোন দেখা গেছে। পুলিশ তাঁদের অস্ত্রসমর্পণ করার নির্দেশ দেওয়ার পরও তাঁরা গুলি ছোড়ে। এর পর পুলিশ পাল্টা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।করাচি কারা কর্তৃপক্ষ বলেছে, কমর ডেভিড নামের ওই খ্রিষ্টান ব্যক্তি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, স্বাভাবিক কারণে তাঁর মৃত্যু হয়নি। এএফপি ও বিবিসি অনলাইন।