পাকিস্তানে কিশোরের আত্মঘাতী হামলায় নিহত ৩১
পাকিস্তানে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নবনিযুক্ত ৩১ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। গতকাল বৃহস্পতিবার সকালে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে সোয়াত উপত্যকার মারদান শহরের ওই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে নবনিযুক্ত সেনাদের অনুশীলন চলাকালে এক কিশোর ওই হামলা চালায়।গত বছরের বড়দিনে উপজাতি-অধ্যুষিত বাজাউর জেলায় বোরকা পরিহিত এক নারীর আত্মঘাতী হামলায় ৪৩ জন নিহত হয়। ওই ঘটনার পর দেশটিতে এটিই সবচেয়ে বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।গতকাল আজম তারিক নামের এক তালেবান মুখপাত্র টেলিফোনে সংবাদ সংস্থা এএফপিকে ঘটনার দায় স্বীকার করে বলেছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি-অধ্যুষিত এলাকায় তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত চালকহীন বিমান (ড্রোন) হামলা এবং স্থানীয় সামরিক বাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রকে যারা নিরাপত্তা দেবে, তাদের বিরুদ্ধে আমরা হামলা চালিয়ে যাব। ভবিষ্যতে এর চেয়েও বড় ধরনের হামলা চালানো হবে বলে ঘোষণা দেন তিনি।মারাদানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ খান জানান, এক কিশোর হামলাকারী স্কুলের ইউনিফর্ম পরে হেঁটে ওই সামরিক কেন্দ্রে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। হামলার পর বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে সেনাসদস্যরা ঘটনাস্থলের ৪০০ মিটার এলাকা ঘিরে রেখেছেন। প্রদেশের তথ্যমন্ত্রী জানান, ওই হামলায় ৩১ জন সেনা নিহত হয়েছেন। পুলিশ নিহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করেছে, তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতের সংখ্যা ২০ বলে জানানো হয়েছে।কড়া প্রহরার মধ্য দিয়েও সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ রকম হামলার ঘটনা দেশটির সামরিক বাহিনীর ব্যর্থতাকেই ইঙ্গিত করে। ২০০৬ সালে এ রকম একটি হামলায় ৩৫ সেনার মৃত্যু হয়।এদিকে গতকাল দেশটির সামরিক বাহিনী পৃথকভাবে ঘোষণা দিয়েছে যে তারা পরমাণু অস্ত্র বহনে সক্ষম—এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এপি ও এএফপি।