পাকিস্তানে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না

পাকিস্তানে অনুষ্ঠেয় আগামীকাল শনিবারের সাধারণ নির্বাচনে প্রধান তিনটি দলের কোনোটিই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এক জরিপের ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে বলে গতকাল বৃহস্পতিবার ডন অনলাইনের খবরে জানানো হয়।ডন অনলাইনের খবরে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে ‘হেরাল্ড’ পত্রিকা মার্চের শেষ সপ্তাহে একটি জরিপ চালায়। জরিপে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। ‘হেরাল্ড’-এর নির্বাচন-পূর্ববর্তী একটি বিশেষ সংখ্যায় জরিপের ফলাফল প্রকাশ করা হয়।জরিপের ফলাফল অনুযায়ী, পার্লামেন্টের মোট আসনের মধ্যে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) মোট আসনের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮৯ শতাংশ পেতে পারে। এ ছাড়া আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ২৪ দশমিক ৮৯ শতাংশ এবং ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১২ দশমিক ১১ শতাংশ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে।ইতিমধ্যে দেশটির নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। আগামীকাল শনিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে।