পাকিস্তানে কোরআন অবমাননার অভিযোগে ইমাম গ্রেপ্তার
পাকিস্তানে এক খ্রিষ্টান কিশোরীর বিরুদ্ধে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ আনা একজন ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অভিযোগের পক্ষে দাখিল করা আলামত বিকৃত করে তিনি নিজেও কোরআনের অবমাননা করেছেন সন্দেহে গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রোববার আদালত তাঁর দুই সপ্তাহের বিচার বিভাগীয় রিমান্ডের নির্দেশ দেন।কোরআনের আয়াত রয়েছে এমন কিছু কাগজপত্র পুড়িয়ে ফেলার অভিযোগে রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠের দরিদ্র এলাকা মেহরাবাদ থেকে দুই সপ্তাহ আগে ১৪ বছরের খ্রিষ্টান কিশোরী রিমশাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই সে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। তার ওই ঘটনা ছিল দেশটিতে প্রচলিত কঠোর ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের লঙ্ঘন। তা ছাড়া, ওই ঘটনায় ব্যাপক গণবিক্ষোভও দেখা দেয়।একই এলাকার একটি মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ খালিদ চিশতি প্রথম রিমশার বিরুদ্ধে কোরআন পোড়ানোর আলামত দাখিল করেন। পরে ইমামের কয়েকজন সহকারী অভিযোগ করেন, চিশতি ওই মেয়ের বিরুদ্ধে মামলা জোরালো করতে পোড়া কাগজপত্রের আলামতের সঙ্গে নিজেও কোরআনের কয়েকটি পাতা জুড়ে দেন। এর পরপরই চিশতিকে গ্রেপ্তার করা হয়। এএফপি, বিবিসি ও ডন।