পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যেই গতকাল শনিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। পবিত্র আশুরা উপলক্ষে সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খান শহরে শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার পাশেই বোমা বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। তবে নিহত ও আহতরা ওই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন কি না, তা জানা যায়নি।দেরা ইসমাইল খান শহর আল-কায়েদাসংশ্লিষ্ট উগ্রপন্থী সুন্নি গোষ্ঠীর শক্ত ঘাঁটি বলে পরিচিত। পাকিস্তানে আশুরা সামনে রেখে গত কয়েক দিনে চালানো হামলায় অনেক মানুষ নিহত হয়েছে। গত বুধবার পাকিস্তানজুড়ে আত্মঘাতী বোমা হামলা ও সহিংসতায় ৩৫ জনের প্রাণহানি হয়। উগ্রপন্থী সুন্নি মুসলিমরা শিয়াদের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।পুলিশের একজন কর্মকর্তা জানান, মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ থাকায় জঙ্গিরা টিভি রিমোট কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করে ওই বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে চার শিশুও রয়েছে। তিনি আরও বলেন, বিস্ফোরণের ভয়াবহতা এত ব্যাপক ছিল যে এক তরুণের দেহের একাংশ একটি উঁচু ভবনের ছাদে গিয়ে পড়ে।পবিত্র আশুরায় বড় ধরনের নাশকতার আশঙ্কায় গতকাল শনিবার ও আজ রোববার পাকিস্তানের ৫০টি শহরে মুঠোফেনের নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। রেহমান মালিক জানান, শনি ও রোববার সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫০টি শহরে মুঠোফোন নেটওয়ার্ক বন্ধ থাকবে। রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদের কয়েকটি এলাকাও এর আওতায় পড়বে। এ ছাড়া বেসরকারি মুঠোফোন নেটওয়ার্কের পাশাপাশি দেশটির সরকারি টেলিফোন সংস্থা পিটিসিএলের ওয়্যারলেস ফোনও বন্ধ থাকবে। রেহমান মালিক বলেন, আশুরা সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে যেসব বোমা হামলা হয়েছে, তার অধিকাংশই মুঠোফোন নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ঘটানো হয়েছে। আশুরায় শিয়া মুসলিমদের নিরাপত্তা রক্ষায় প্রাদেশিক সরকারগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।আশুরাকে কেন্দ্র করে জঙ্গিরা ইসলামাবাদ, করাচি ও কোয়েটা শহরেও বড় ধরনের হামলার ষড়যন্ত্র করছে—সরকারের কাছে এমন তথ্য রয়েছে বলেও জানান রেহমান মালিক। তিনি বলেন, ধ্বংসাত্মক বিস্ফোরকযন্ত্র রাখা কোনো ব্যক্তির খোঁজ দিতে পারলে সন্ধানদাতাকে ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত শুক্রবার থেকে তিন দিন হায়দরাবাদ ও কোয়েটা শহরে মোটরসাইকেল চালানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঘোড়াগাড়ি চলাচলের ওপরও এ তিন দিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। রয়টার্স, বিবিসি ও ডন।