পাকিস্তানে গণমাধ্যম কর্মীদের জন্য কল্যাণ তহবিল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মির হাজার খান খোসো সে দেশের গণমাধ্যমকর্মীদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের ব্যবস্থা অনুমোদন করে গেছেন। গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গত ১৫ মে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, কোনো গণমাধ্যমকর্মী হতাহত হলে তাঁর পরিবারের সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া অত্যাবশ্যক। ঘোষণায় আরও বলা হয়, সাংবাদিক কল্যাণ তহবিলের জন্য প্রাথমিকভাবে ইলেকট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় এক কোটি রুপি দেবে। এ তহবিলে অর্থ দেওয়ার জন্য সরকার দেশের গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক ইউনিয়নের প্রতিও আহ্বান জানাবে।

কর্তব্য পালনকালে কোনো গণমাধ্যমকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে পাঁচ লাখ রুপি এবং অঙ্গহানি ঘটলে তিন লাখ রুপি দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনার শিকার হয়ে কোনো সাংবাদিকের মৃত্যু হলে তাঁর পরিবারকে দুই লাখ রুপি দেওয়া হবে। কোনো গণমাধ্যমকর্মী ক্যানসার বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তাঁকে সর্বোচ্চ দুই লাখ রুপি চিকিৎসা সহায়তা দেওয়া হবে। ডন।