পাকিস্তানে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে গতকাল গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের কফিনের সামনে স্বজনদের শোক ষ ছবি: এএফপি
পাকিস্তানে গতকাল গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের কফিনের সামনে স্বজনদের শোক ষ ছবি: এএফপি

পাকিস্তানের পেশোয়ারে ঐতিহাসিক একটি গির্জার পাশে গতকাল রোববার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। সাপ্তাহিক প্রার্থনার পর চালানো এ হামলায় শতাধিক লোক আহত হয়। পাকিস্তানে এটাই খ্রিষ্টানদের ওপর সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা বলে মনে করা হচ্ছে।
বিস্ফোরণের প্রচণ্ডতায় ১৩০ বছরের পুরোনো অল সেইন্টস গির্জার আশপাশের কয়েকটি ভবনের জানালা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এ ঘটনায় আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মধ্যে নারী, শিশু ও পুলিশের সদস্য রয়েছেন। প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি দল টিটিপি জানদুল্লাহ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, ড্রোন হামলার প্রতিশোধ নেওয়াই এর উদ্দেশ্য।
লেডি রিডিং হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য সূত্র জানিয়েছে, এ হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।
নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের সূত্র জানায়, দুজন হামলাকারী দুটি বোমা বহন করছিলেন। গির্জার ভেতরে এ সময় ছয় শতাধিক প্রার্থনাকারী ছিলেন।
পাকিস্তানের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৪ শতাংশ খ্রিষ্টধর্মাবলম্বী। তারা প্রায়ই জঙ্গিদের হামলার শিকার হচ্ছে।
ঘটনার পর কিছু মানুষ সড়কে বের হয়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। গির্জার বাইরে ক্ষুব্ধ একজন প্রার্থনাকারী টিভি সাংবাদিককে বলেন, ‘তাঁরা মসজিদ, মন্দির, গির্জা কোনোটিকেই রেহাই দিচ্ছে না। আমাদের প্রতি দয়া করুণ।’ পোপের নিন্দা: ক্যাথলিক খ্রিষ্টানদের নেতা পোপ ফ্রান্সিস এ হামলার নিন্দা জানিয়েছেন। ইতালির সার্দিনিয়া দ্বীপে এক দিনের এক সফর শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ ঘটনাকে ঘৃণা ও যুদ্ধের শামিল বলে আখ্যা দেন। পোপ বলেন, এ ঘৃণার সিদ্ধান্ত টিকে থাকতে পারে না। শুধু শান্তির পথই অধিকতর ভালো পৃথিবীর নিশ্চয়তা দিতে পারে। ডন ও রয়টার্স।