পাকিস্তানে গিলানির ছেলে হায়দার অপহূত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানিকে আজ বৃহস্পতিবার অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। বন্দুকধারীদের গুলিতে তাঁর ব্যক্তিগত সহকারী ও দেহরক্ষী নিহত হয়েছেন।
পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, আলী হায়দার আজ বিকেলে মুলতান শহরে একটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছিলেন। এ সময় একটি গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা সমাবেশ স্থলে হাজির হয়। তারা হায়দারের সমর্থকদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে। এতে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও দেহরক্ষী আহত হন। পরে তাঁরা মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি গাড়িতে করে বন্দুকধারীরা ঘটনাস্থলে যায়। তারা হায়দার গিলানির সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে বন্দুকধারীরা হায়দারকে গাড়িতে উঠিয়ে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হায়দারকে অপহরণের ব্যাপারে এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।