পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি তল্লাশি চৌকিতে গতকাল শনিবার বন্দুকধারীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও দুজন আহত হয়েছে। এ ছাড়া একই দিন দেশটির উত্তর-পশ্চিম উপজাতীয় অঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। ডন নিউজের খবরে বলা হয়, মোটরসাইকেলে চড়ে অজ্ঞাতনামা একদল ব্যক্তি বেলুচিস্তানের গাদার এলাকার ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর সাত সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। অন্য দুই সদস্য আহত হয়। দুর্বৃত্তরা তল্লাশি চৌকি লক্ষ্য করেও রকেট ছোড়ে। পরে পালিয়ে যায়।এদিকে পেশোয়ারের স্পিন তাল শহরে তালেবানবিরোধী নেতা মাওলানা নবীর বাসভবনের বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাওলানা নবীর বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু প্রহরীরা বাধা দিলে তিনি বোমার বিস্ফোরণ ঘটান। এতে নয়জন নিহত ও ১৬ জন আহত হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাওলানা নবী অক্ষত আছেন। এএফপি।