পাকিস্তানে গুলিতে নারী রাজনীতিক নিহত
পাকিস্তানের বন্দরনগর করাচিতে গতকাল শনিবার গুলিতে এক জ্যেষ্ঠ নারী রাজনীতিক নিহত হয়েছেন। জাহরা শাহিদ হুসেইন নামের এই রাজনীতিক সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আজ রোববার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা জাহরাকে তাঁর বাড়ির সামনে গুলি করে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা স্পষ্ট নয়। নির্বাচনে কারচুপির অভিযোগে করাচিতে পুনরায় ভোট নেওয়ার আগে এ হত্যার ঘটনা ঘটল।

ইমরান খান এই হত্যাকাণ্ডের জন্য মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলকে দায়ী করেছেন। তবে ওই দলের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের ‘ডন’ পত্রিকা জানিয়েছে, ডাকাতির চেষ্টার সময় এ হত্যাকাণ্ড ঘটেছে।
তবে বিবিসির সংবাদদাতা বলেছেন, জাহরার মাথায় দুবার গুলি করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। আর বিষয়টি চাপা দিতেই ডাকাতির নাটক সাজানো হয়েছে।
হত্যাকাণ্ডের ব্যাপারে স্থানীয় পিটিআই নেতা ফিরদাউস শামিম বলেন, জাহরা শাহিদ হুসেইন কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তিনজন বন্দুকধারী তাঁর ওপর হামলা চালায়। জাহরা ছিনতাইকারী মনে করে নিজের ব্যাগটি তাদের দিয়ে দেন। তবে তাতে শেষরক্ষা হয়নি। বন্দুকধারীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।