পাকিস্তানে গুলিতে নারী রাজনীতিবিদ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক নারী রাজনীতিবিদকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নাজমা হানিফ (৩৫) নামের ওই নারী আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যমের খবরে জানানো হয়, শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল জানান, একজন বা দুজন হামলাকারী বাড়িতে ঢুকে নাজমা হানিফকে গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের কারণ সুস্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডে তারা শব্দরোধী পিস্তল ব্যবহার করেছে। ২০১১ সালের নভেম্বরে তালেবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় নাজমার স্বামী, ছেলে ও তাঁদের দেহরক্ষী নিহত হন।