পাকিস্তানে গুলিতে নয় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তানে গতকাল বৃহস্পতিবার বন্দুকধারীরা গুলি করে নয়জন নির্মাণশ্রমিককে হত্যা করেছে।একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, কোয়েটা থেকে ৩০ কিলোমিটার দূরে মাসটাং এলাকায় সড়ক নির্মাণকাজ চলাকালে মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকধারী গিয়ে নির্বিচারে গুলি করে। এতে ঘটনাস্থলেই নয়জন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় চার শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কোনো পক্ষ ঘটনার দায়দায়িত্ব স্বীকার করেনি। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানে মাঝেমধ্যে জাতিগত সহিংসতাসহ তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে থাকে। সেখানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের লোকজনের মধ্যেও তীব্র বিরোধ রয়েছে। এদিকে করাচিতে এক বন্দুকধারীর গুলিতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জেলা তথ্যসচিবসহ তিন নেতা-কর্মী নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুরে নগরের নাজিমাবাদে ওই বন্দুকধারী মোটরসাইকেল থেকে পিপিপির নেতা-কর্মীদের বহন করা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ডন ও এএফপি।