পাকিস্তানে গুলিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাবে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
জেলা পুলিশ-প্রধান আলী নাসির রিজভি জানিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার সৈয়দ শাবির হোসেন শাহ প্রদেশের গুজরাট শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ছিলেন। তিনি ছিলেন শিয়া সম্প্রদায়ের। ক্যাম্পাসে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা তাঁর গাড়িতে হামলা করলে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ শাবির ও তাঁর গাড়িচালক নিহত হন।
পুলিশ কর্মকর্তা আলী নাসির আরও বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গত শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে শিয়া-সুন্নি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হন। গতকালের হত্যাকাণ্ডটি ওই সংঘর্ষের জের ধরেই চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।