পাকিস্তানে গুলিতে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাজধানী ইসলামাবাদে বাড়ি থেকে বের হওয়ার সময় অস্ত্রধারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুলিবর্ষণের ঘটনায় ভাট্টির গাড়িচালক আহত হন। কেউ এ হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, তালেবান জঙ্গিরা এ ঘটনা ঘটিয়েছে। ইসলামাবাদের পুলিশ প্রধান ওয়াজিদ দুরানি সাংবাদিকদের জানান, সাদা রঙের একটি মারুতি সুজুকি গাড়িতে করে এসে তিন-চারজন আততায়ী মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের সবার মুখ চাদরে ঢাকা ছিল। গুলিতে আহত মন্ত্রীকে স্থানীয় শিফা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির চিকিৎসক আজমাতুল্লাহ্ কুরেশি বলেন, পথেই শাহবাজ ভাট্টি নিহত হয়েছেন। এদিকে পুলিশ প্রধান জানিয়েছেন, শাহবাজ ভাট্টিকে গত জানুয়ারি থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এরপর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু গতকাল তিনি কোনো দেহরক্ষী ছাড়াই বের হন। এ কাজটি তিনি কেন করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত শাহবাজ ভাট্টি (৪২) ছিলেন পাকিস্তানের একমাত্র খ্রিষ্টান ধর্মাবলম্বী মন্ত্রী। তিনি দেশটির বিতর্কিত ব্লাসফেমি আইনের একজন কট্টর বিরোধী ছিলেন। এই আইনে ইসলামের অবমাননাকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। কিন্তু ভাট্টি মনে করতেন, এতে দেশটির সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়ের লোকজনের অধিকার ক্ষুণ্ন হবে। আইনটির বিরোধিতা করায় পাঞ্জাব প্রদেশের উদারনৈতিক গভর্নর সালমান তাসিরকে গত ৪ জানুয়ারি হত্যা করা হয়। হত্যাকারী ছিল তাঁর দেহরক্ষী। তাসিরের হত্যাকাণ্ডের পর শাহবাজ ভাট্টি এএফপি ও বিবিসিকে জানিয়েছিলেন, তাঁকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমি যদি ব্লাসফেমি আইনের বিরোধিতা চালিয়ে যাই, তাহলে আমাকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। তবে জঙ্গি ও সন্ত্রাসীদের এসব হুমকি আমাকে বিব্রত কিংবা ভীতসন্ত্রস্ত করতে পারেনি।’ আসিয়া বিবির মামলাটির পর এসব হুমকি আরও বেড়ে গেছে।উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তানে আসিয়া বিবি নামের খ্রিষ্টান ধর্মাবলম্বী এক নারীকে তাঁর প্রতিবেশী মুসলিমরা মহানবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননার দায়ে অভিযুক্ত করে। পরে পুলিশ আসিয়াকে গ্রেপ্তার করে এবং ব্লাসফেমি আইনে ওই বছর নভেম্বর মাসে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাঁচ সন্তানের জননী ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানসহ আন্তর্জাতিক বিশ্বে আইনটির বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। বিবিসি, এএফপি ও এনডিটিভি।