পাকিস্তানে গুলিতে ১৮ শিয়া নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট এলাকায় গতকাল মঙ্গলবার বন্দুকধারীরা বাসে গুলি চালিয়ে ১৮ জন শিয়া মুসলমানকে হত্যা করেছে। রাজধানী ইসলামাবাদ থেকে ১৩০ কিলোমিটার উত্তরে হারবান শহরের কাছে এ ঘটনা ঘটে।স্থানীয় পুলিশের প্রধান মো. ইলিয়াস বলেন, বন্দুকধারীরা রাস্তার দুই ধারে ওত পেতে ছিল। তাদের গুলিতে বাসটির ১৮ যাত্রী নিহত হয়। বাসটি রাওয়ালপিন্ডি থেকে আসছিল।বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আঞ্চলিক প্রশাসনের প্রধান খালিদ ওমরজাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাত-আটজন বন্দুকধারী বাসটি থামিয়ে জোর করে যাত্রীদের নিচে নামায়। এরপর গুলি চালায়।ধারণা করা হচ্ছে, এটি সুন্নিদের প্রতিশোধমূলক কাজ। পার্লামেন্টের স্থানীয় সদস্য আবদুল সাত্তার খান জানান, এ হামলা জাতিগত কোন্দলের জের। হতাহত ব্যক্তিরা সবাই শিয়া। তিনি আরও বলেন, গিলগিট এলাকায় কয়েক দিন আগে দুই সুন্নি খুনের পরই এ ঘটনা ঘটল। সুন্নিরা প্রতিশোধ নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিল।পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও সংখ্যালঘু শিয়ার মধ্যে জাতিগত সহিংসতায় হাজারো মানুষের মৃত্যুতে মানবাধিকার সংগঠনগুলো সরকারের কঠোর সমালোচনা করে আসছে। তার পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। এএফপি।