পাকিস্তানে গোয়েন্দা সংস্থার জবাবদিহি নিশ্চিতে আইন পাসের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে পার্লামেন্টের কাছে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি খসড়া বিল অনুমোদন করেছে একটি সিনেট কমিটি। পার্লামেন্টের উচ্চকক্ষের আগামী অধিবেশনেই খসড়া বিলটি উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিনেটের মানবাধিকারবিষয়ক কমিটির এক বৈঠকে গত বৃহস্পতিবার প্রস্তাবিত বিলটি অনুমোদিত হয়। বিলটির বিষয়বস্তু হচ্ছে, গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা পুনর্মূল্যায়ন এবং গুম বন্ধে তাদের ভূমিকা নিয়ন্ত্রণ।
সিনেটের একই কমিটি বন্দরনগর করাচিতে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে রেঞ্জার্স বাহিনীকে দেওয়া ক্ষমতার পরিধি সম্পর্কে জানতে চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির সদস্য ফরহাতউল্লাহ বাবর বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোকে খাটো করা আমাদের উদ্দেশ্য নয়; বরং এই বিলের মাধ্যমে তাদের পার্লামেন্টের নজরে আনা হচ্ছে।’ ডন।