পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সরকারি তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে সংবাদকর্মীদের প্রতি পাকিস্তানের রাজনৈতিক নেতা-কর্মী ও জঙ্গিদের হুমকির বিষয়টি উল্লেখ করা হয়। অ্যামনেস্টি জানায়, পাকিস্তানে ২০০৮ সাল থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৩৪ জন সাংবাদিক নিহত হন। আর ২০১৩ সালে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দায়িত্ব গ্রহণের পর গত ১১ মাসে নিহত হন আটজন সাংবাদিক।
অ্যামনেস্টির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপরিচালক ডেভিড গ্রিফিথস বলেন, পাকিস্তানের জন্য একটি জটিল পদক্ষেপ হবে নিজেদের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যাপারে তদন্ত করা এবং সাংবাদিকদের প্রতি সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা।
পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের ওপর চলতি মাসের শুরুতে সন্ত্রাসী হামলার পর অ্যামনেস্টির ওই প্রতিবেদন প্রকাশিত হলো। জিয়ো নিউজ টেলিভিশনের সাংবাদিক হামিদ মির করাচি শহরে গুলিবিদ্ধ হন। ওই হামলার জন্য সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেন তিনি। রয়টার্স।