পাকিস্তানে ছেলের বিরুদ্ধে প্রধান বিচারপতির রুল
পাকিস্তানের প্রধান বিচারপতি মোহাম্মদ ইফতিখার চৌধুরীর একটি পদক্ষেপ দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত অনৈতিক লেনদেনের বিষয়ে এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি তাঁর ছেলে আরসালান ইফতিখার ও ধনাঢ্য ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেনের বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করেছেন। গতকাল বুধবার এক্সপ্রেস নিউজ-এ প্রকাশিত খবরে এই কথা জানানো হয়।মালিক রিয়াজ পাকিস্তানের বাহরিয়া শহরের প্রধান। এ ছাড়া দেশটির অ্যাটর্নি জেনারেল ইরফান কাদিরকেও একই নোটিশ পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আজই এ বিষয়ে শুনানি হবে।এক্সপ্রেস নিউজ-এর খবরে বলা হয়, প্রধান বিচারপতির ছেলে আরসালান ইফতিখার বাহরিয়া শহরের প্রধান মালিক রিয়াজের কাছ থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি নিয়েছেন। সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলা খারিজ করে দেওয়ার জন্য ইফতিখার চৌধুরীর পক্ষে তাঁর ছেলে এ অর্থ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।