পাকিস্তানে জঙ্গি হামলায় ন্যাটোর ৩০ ট্যাংকার ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুরে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়ে ন্যাটো বাহিনীর ৩০টি ট্যাংকার ধ্বংস করেছে। গতকাল শুক্রবার ট্যাংকারগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধ্বংস করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলার সময় ট্যাংকারগুলো একটি ফিলিং স্টেশনে পার্ক করা ছিল। ট্যাংকারগুলো আফগানিস্তানে অবস্থারত ন্যাটো সেনাদের জন্য তেল ও অন্যান্য রসদ বহন করছিল। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর বিমান হামলায় পাকিস্তানের তিন সেনা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ পাকিস্তান কর্তৃপক্ষ ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়। আর এ ঘটনার এক দিন পরই শিকারপুর শহরের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটল। তবে ন্যাটোর ওই বিমান হামলার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা স্পষ্ট নয়। ন্যাটো বলছে, তাদের ট্যাংকারগুলো তেল, সামরিক সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ ও কাপড়সহ অন্যান্য মালমাল বহন করছিল। পাকিস্তানে ন্যাটোর ট্যাংকার ও যানবাহনের ওপর জঙ্গিদের হামলা নতুন কোনো ঘটনা নয়। গত কয়েক বছরে এ ধরনের বহু ঘটনা ঘটেছে। তবে সিন্ধু প্রদেশে এবারই প্রথমবারের মতো এ হামলার ঘটনা ঘটল। শিকারপুর জেলার পুলিশের প্রধান আবদুল হামিদ খোসো বলেন, ২০ হামলাকারী রকেট লঞ্চার ও রাইফেল নিয়ে ন্যাটোর ট্যাংকারে আকস্মিক হামলা চালিয়ে পালিয়ে যায়। এ সময় তারা পার্ক করে রাখা ৩০টি ট্যাংকারে আগুন ধরিয়ে দেয়। এদিকে পুলিশ হামলার পর সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে। এদের পাঁচজনকে ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। সিন্ধু প্রাদেশিক সরকারের মুখপাত্র জামিল সুমরো এ হামলার ঘটনা নিশ্চিত করে সংবাদ সংস্থা এএফপিকে বলেন, সিন্ধু প্রদেশে এটিই প্রথমবারের মতো ন্যাটো বাহিনীর ওপর বড় ধরনের হামলা। স্থানীয় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা বলেন, দক্ষিণাঞ্চলীয় শিকারপুর শহরের এই হামলার জন্য জঙ্গিরাই দায়ী। তাঁরা বলেন, হামলায় অংশগ্রহণকারীদের মুখ কাপড়ে ঢাকা ছিল। এ হামলার জন্য তালেবান ও আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিদের দায়ী করা হচ্ছে। তবে গতকালের এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এএফপি, বিবিসি, রয়টার্স।