পাকিস্তানে জঙ্গি হামলায় তিন নিরাপত্তাকর্মীসহ নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যূষিত বাইজাই এলাকায় গত রোববার গভীর রাতে আধা সামরিক বাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ে নিরাপত্তা কর্মীসহ ১৭ জন নিহত হয়েছে। আধা সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে বেশ কয়েকজন জঙ্গি অতর্কিত হামলা চালালে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। গতকাল সোমবার ফ্রন্টিয়ার কোরের (এফসি) একজন মুখপাত্র বলেন, সেনারা কামানের গোলা ও ভারী অস্ত্রশস্ত্রের সাহায্যে আফগান সীমান্তের কাছে উপজাতীয় এলাকায় জঙ্গিদের ওই হামলা প্রতিহত করেছে।তবে ওই জায়গায় গণমাধ্যম ও ত্রাণকর্মীদের ঢোকার সুযোগ না থাকায় নিরপেক্ষভাবে নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।স্থানীয় কর্মকর্তা সিদ্দিক উল্লাহ বলেন, বাইজাই এলাকায় রোববার রাতে ফ্রন্টিয়ার কোরের চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। লড়াইয়ে তিনজন নিরাপত্তা কর্মীসহ ১৭ জন নিহত এবং পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হন। হামলাকারীরা আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ থেকে পাকিস্তানে অনুপ্রবেশ করে।ফ্রন্টিয়ার কোরের মুখপাত্র জানান, জঙ্গিরা ওই রাতে পৃথক তিনটি স্থান থেকে ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়। এএফপি।