পাকিস্তানের পেশোয়ারে তিনটি তল্লাশি-ফাঁড়িতে গত বৃহস্পতিবার সন্দেহভাজন তালেবান জঙ্গিদের হামলায় আধা সামরিক পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় জঙ্গিরা আধা সামরিক পুলিশের ২২ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনী তাঁদের উদ্ধার করতে অভিযান শুরু করেছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।সরকারি কর্মকর্তারা আরও জানান, আফগানিস্তান সীমান্তের কাছাকাছি ওই তল্লাশি-ফাঁড়িগুলোতে জঙ্গিরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড হামলা চালায়। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ওই তিনটি ফাঁড়িতে আধা সামরিক পুলিশের প্রায় ১০০ সদস্য মোতায়েন ছিলেন। তবে ডন পত্রিকার খবরে বলা হয়, দুটি ফাঁড়িতে এ হামলা চালানো হয়েছে। দারা আদমখেলের তালেবানের মুখপাত্র মোহাম্মদ আফ্রিদি টেলিফোনে ডনকে জানান, তাঁরা এ হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, তাঁরা আটজনকে হত্যা ও ২৩ জনকে অপহরণ করেছেন। সরকারি কর্মকর্তা নাভিদ আকবর খান গতকাল শুক্রবার জানান, অপহূত ব্যক্তিদের উদ্ধারে সহায়তা করতে কর্তৃপক্ষ স্থানীয় উপজাতি নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছে।পেশোয়ারে এই মাসে তৃতীয়বারের মতো এ ধরনের হামলা চালানো হলো। বিবিসি ও ডন।