খান সাইদ সাজনা ও মোল্লা ফজলুল্লাহর নেতৃত্বাধীন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে দ্বন্দ্ব উসকে দিতে মাসের পর মাস ধরে পর্দার আড়ালে চলা প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে৷ সাজনা টিটিপি ছেড়ে চলে গেছে৷ কিন্তু তারপর?
সরকার-জঙ্গি শান্তি আলোচনার আগেই টিটিপিকে ছেড়েছিল সাজনা৷ এর ফল যা হবে বলে আশা করা হচ্ছিল, ঘটছে তার উল্টো৷
জঙ্গিরা এখন এলোমেলো ও দ্বিধাবিভক্ত৷ সাজনাসহ কথিত সরকারপন্থী জঙ্গি গ্রুপগুলো পাকিস্তানের দক্ষিণাঞ্চলে উপজাতি অধ্যুষিত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান নিয়ন্ত্রণ করছে৷ সেখানকার কমান্ডার নাজির ও হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন দুটি গ্রুপের সঙ্গে আগেই সরকারের অঘোষিত শান্তি চুক্তি হয়েছে৷
অন্যদিকে পুরো উত্তর প্রান্তজুড়ে রয়েছে সরকারবিরোধী জঙ্গি গ্রুপগুলো৷ এর মধ্যে রয়েছে টিটিপি (বাজাউর), টিটিপি (মোহমান্দ), টিটিপি (সোয়াত), টিটিপি (ওরাকজাই) এবং টিটিপি (এফআর পেশোয়ার)৷
শান্তি আলোচনার পক্ষের জঙ্গি গ্রুপগুলো আগের চরম প্রতিক্রিয়াশীল মতাদর্শ থেকে সরে আসার চেষ্টা করছে৷ তারা মাজার এবং ভিন্ন মতাদর্শের নেতাদের ওপর হামলা বন্ধ করেছে৷ কিন্তু উত্তর প্রান্তের ওই জঙ্গিরা এখনো এ ধরনের কাজ করে যাচ্ছে৷
টিটিপির বিরুদ্ধে সাজনার বিদ্রোহের কারণে এখন পাকিস্তানকে তিনটি জঙ্গিগোষ্ঠীকে সামলাতে হচ্ছে৷ সম্প্রতি টিটিপির প্রধান হাকিমুল্লাহ মেহসুদ ড্রোন হামলায় নিহত হওয়ার পর দক্ষিণ ওয়াজিরিস্তানে সাজনা অপ্রতিদ্বন্দ্বী; আর উত্তর ওয়াজিরিস্তানে হাফিজ গুল বাহাদুর সবচেয়ে প্রভাবশালী৷ এই দুজনের বাইরে রয়েছেন উঠতি নেতা আবদুল ওয়ালি ওরফে ওমর খালিদ খুরসানি৷ তিনি খুবই নিষ্ঠুর প্রকৃতির এবং দ্রুতই টিটিপির বর্তমান নেতা মোল্লা ফজলুল্লাহকে ছাপিয়ে যাচ্ছেন৷
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোর দৃষ্টিতে হাকিমুল্লাহর মতোই করাচি, ইসলামাবাদ, পেশোয়ারসহ দেশজুড়েই খুরসানি নেটওয়ার্ক রয়েছে৷ তাঁকেই এখন সবচেয়ে চ্যালেঞ্জ মনে করা হচ্ছে৷ তাই সাজনা, গুল বাহাদুর ও কমান্ডার নাজির গ্রুপকে এককাট্টা করে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর চেষ্টা চলছে৷
সাজনা দেশবিরোধী বিদেশি ও দেশি জঙ্গিদের উত্তর ওয়াজিরিস্তান থেকে বিতাড়িত করে সম্ভাব্য সামরিক হামলা এড়াতে গুল বাহাদুরকে বার্তা পাঠিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ তবে বড় প্রশ্ন হচ্ছে, সরকার সামরিক হামলার নির্দেশ দেবে কি না৷
দুটি বিষয় বিবেচনায় এখনই সেনা অভিযানের সম্ভাবনা কম৷ প্রথমত, পবিত্র রমজান চলে আসছে৷ সে ক্ষেত্রে ঈদের পর অভিযান শুরু হতে পারে৷ দ্বিতীয়ত, উত্তর ওয়াজিরিস্তান থেকে ১৫ দিনের মধ্যে বিদেশি জঙ্গিদের বিতাড়িত করতে গুল বাহাদুরের কাছে বার্তা পাঠিয়েছে সেনাবাহিনী৷ এর অর্থ, ২১ জুন পর্যন্ত সেনা অভিযান নাও হতে পারে৷
অবশ্য একের পর এক জঙ্গি হামলার ফলে জনগণের পক্ষ থেকে যেভাবে চাপ আসছে, তা বিবেচনায় নিয়ে সরকার নতুন কিছু ভাবতেও পারে৷ একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এমনই ইঙ্গিত দিয়েছেন৷