পাকিস্তানে জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় জরুরি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাজনিত পরিস্থিতি বিশেষ করে জনস্বাস্থ্যে সংকট মোকাবিলার পরিকল্পনা করতে গতকাল বুধবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, দুর্গত এলাকার জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির ব্যাপারে তাঁর সরকার সজাগ রয়েছে।এদিকে হিন্দুকুশ পর্বতমালায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হওয়ায় আবারও বন্যার পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার সোয়াত উপত্যকা অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, বন্যার কারণে ৩৫ লাখ শিশু কলেরা, ডায়রিয়া ও ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। তবে বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে। ইতিমধ্যে দুর্গত এলাকায় চিকিৎসক পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন একজনও যাতে চিকিৎসাবঞ্চিত না হয়, তাঁরা সেটি নিশ্চিত করতে চান।সিন্ধু প্রদেশের শুক্কুর এলাকার একটি উদ্বাস্তু শিবিরে গতকাল চার বছরের এক শিশুর মা ডায়রিয়ায় ভুগে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘ বলেছে, পাকিস্তানের বন্যায় কমপক্ষে আট লাখ মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী এসব মানুষের কাছে হেলিকপ্টার ছাড়া যাওয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘ বলেছে, উদ্ধার ও ত্রাণতৎপরতা চালাতে জরুরি ভিত্তিতে আরও হেলিকপ্টার দরকার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বন্যায় এক কোটি ৭০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ১২ লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।এদিকে বন্যাদুর্গত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাঁরা নিজেদের ঈদ বোনাসের অর্ধেক ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিশ্রুত চাঁদার পরিমাণ হবে প্রায় ৪৬ লাখ রুপি। এএফপি ও ডন অনলাইন।