পাকিস্তানে জাতীয় ঐতিহ্যের মর্যাদা পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে বলিউডের কিংবদন্তি দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়িকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার একজন প্রাদেশিক মন্ত্রী এ কথা জানান।খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন গতকাল ওই বাড়ি দুটি পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, ‘পেশোয়ারে জন্ম নেওয়া ওই দুই অভিনেতা আমাদের ভূখণ্ডের জন্য গর্বের উৎস। প্রখ্যাত কিসা খাওয়ানি বাজারে তাঁদের বাড়িগুলো সংরক্ষণের পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি আরও বলেন, প্রাদেশিক সরকার প্রখ্যাত এই অভিনেতাদের জীবনের ওপর প্রামাণ্যচিত্র ও নাটক তৈরির সিদ্ধান্তও নিয়েছে।পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সংস্কৃতিসচিব আজমত হানিফ ওরাকজাই, সংস্কৃতি পরিচালক পারভেজ খান এবং শিল্পী জামাল শাহ। এ সময় মন্ত্রী বাড়ি দুটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করতে এবং বাড়ি দুটি কেনার জন্য এর বর্তমান মালিকদের সঙ্গে যোগাযোগ করতে সংস্কৃতিসচিবকে নির্দেশ দেন। পিটিআই।