পাকিস্তানে জানাজায় বোমা হামলা, নিহত ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।ছবি: রয়টার্স।
বোমা হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।ছবি: রয়টার্স।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে জানাজায় আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক এক আইনপ্রণেতাসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়।

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মারদান জেলার শেরগার শহরে গতকাল এ ঘটনা ঘটে। এ মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ক্ষমতা নেওয়ার পর এই প্রথম বড় ধরনের হামলার ঘটনা ঘটল। তবে কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

নিহত ব্যক্তিদের মধ্যে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রাদেশিক আইনপ্রণেতা ইমরান খান মাহমুদ রয়েছেন। তবে তিনিই হামলার লক্ষ্য ছিলেন কি না, সেটি স্পষ্ট নয়।  

পাকিস্তানের একটি টেলিভিশনে এক প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় এক ব্যবসায়ীর জানাজায় অংশ নিতে শত শত মানুষ জড়ো হলে সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দ শুনে সবাই শুয়ে পড়ে। চারপাশে তখন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল হতাহত মানুষ।

ইমরান খান মাহমুদ গত মাসের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। পরে তিনি ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলে যোগ দেন। দলটি ওই প্রদেশে ক্ষমতাসীন হয়েছে।