পাকিস্তানে জানাজায় বোমা হামলায় নিহত ২৪

পাকিস্তানের কোয়েটায় আজ বৃহস্পতিবার সকালে নিহত এক পুলিশ কর্মকর্তার জানাজায় বোমা হামলায় দুপুরে কমপক্ষে ২৪ ব্যক্তি নিহত হয়েছে। ‘দ্য ডন’ বলছে, ওই হামলায় নিহতদের মধ্যে তিনজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রয়েছেন।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা না গেলেও কমপক্ষে ২৪ ব্যক্তি নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনের খবর থেকে জানা গেছে, একটি মসজিদের চত্বরে পুলিশ কর্মকর্তা মোহিবুল্লাহর জানাজা শুরুর ঠিক আগমুহূর্তে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়। তাতে বেশ পুলিশের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ফৈয়জ সাম্বল, ডেপুটি সুপার (ডিএসপি) শামসুদ্দিন ও সুপার আলি মেহের।
পুলিশ জানিয়েছে, শক্তিশালী বোমাটিতে আট থেকে ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সম্ভবত একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ ঘটনা ঘটিয়েছেন। আহত লোকজনকে সিভিল হসপিটাল ও সমন্বিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কোয়েটায় আজ পুলিশ সদস্যদের ওপর দুদফা হামলা হলো। সকালে মহিবুল্লাহ যখন তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে ঈদের বাজার করতে বেরিয়েছিলেন, তখন তিনি কিল্লি আলমো এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন। দুপুরে তাঁর জানাজায় অংশ নেওয়া মুসুল্লিদের ওপরে বোমা হামলায় বাকিরা নিহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বোমা হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।