পাকিস্তানে জোট সরকার থেকে শরিক দলের বেরিয়ে যাওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জোট সরকার থেকে গুরুত্বপূর্ণ ইসলামি দল জমিয়ত উলেমা-ই-ইসলামি বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল মঙ্গলবার দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগে পরস্পরকে দোষারোপ করতে থাকা দুজন মন্ত্রীকে বরখাস্ত করার পর তাঁরা সরকার থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মকর্তারা বলেছেন, কয়েক দিন ধরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আজম সওয়াতি ধর্মমন্ত্রী হামিদ সাঈদ কাজমির বিরুদ্ধে হজযাত্রীদের অর্থ আত্মসাতের অভিযোগ করছেন। কাজমি ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নন, বরং আজম সওয়াতি দুর্নীতিতে জড়িত। এ বাগ্যুদ্ধের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রী এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাঁদের দুজনকেই বরখাস্ত করেন। এঁদের মধ্যে কাজমি জমিয়ত উলেমা-ই-ইসলামির নেতা হওয়ায় তাঁকে বরখাস্ত করার ঘোষণায় গতকাল তাঁর দল জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে ওই দলের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, দুর্নীতি প্রমাণ না করেই তাঁদের নেতাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করায় তাঁরা ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এএফপি।