পাকিস্তানে ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করলেন ওবামা
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় নিয়মিতভাবে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও আড্ডার (চ্যাট) সময় তিনি বলেছেন, এসব ড্রোন হামলার লক্ষ্যবস্তু সন্দেহভাজন তালেবান ও আল-কায়েদার যোদ্ধারা।তবে ইরাকে ড্রোন ব্যবহারের বিষয়ে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়, তা নাকচ করে দিয়েছন ওবামা। ওবামা প্রশাসনের আমলে মার্কিন ড্রোন বা চালকবিহীন বিমান হামলার ঘটনা অনেক বেড়েছে। রণাঙ্গনে, বিশেষ করে আল-কায়েদার ঘাঁটি আফগানিস্তান ও পাকিস্তানের উপজাতি অধ্যুষিত দুর্গম এলাকায় অভিযানে মার্কিনদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এটি। তবে গত নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর দেশ দুটির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, যার রেশ এখনো কাটেনি।ইন্টারনেটে ওবামার ঘণ্টাবাপী ওই ভিডিও আড্ডা গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস ছাড়াও ইউটিউবে সরাসরি প্রচার করা হয়। হোয়াইট হাউস জানায়, আড্ডা শুরু হওয়ার আগে এক লাখ ৩০ হাজারেরও বেশি প্রশ্ন জমা পড়ে। এর মধ্য থেকে ছয়জনকে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ইন্টারনেটে আড্ডার জন্য আমন্ত্রণ জানানো হয়। তাঁদের ওবামাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় এবং তিনি সেই সব প্রশ্নের জবাব দেন। গত ২৪ জানুয়ারি ওবামার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া সামাজিক মাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা কর্মসূচি এই ভিডিও আড্ডার মাধ্যমে গত সোমবার শেষ হয়।আড্ডার সময় ড্রোন হামলার বিষয়ে ওবামাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার-শাসিত উপজাতীয় (এফএটিএ) এলাকায় বহুবার ওই ড্রোন হামলা চালানো হয়েছে। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী দুর্গম এলাকায় আল-কায়েদার যোদ্ধারাই ওই হামলার লক্ষ্যবস্তু।ড্রোন হামলার যৌক্তিকতা তুলে ধরে ওবামা বলেন, এ ধরনের চালকবিহীন বিমান হামলার পরিবর্তে ওই দুর্গম এলাকায় জঙ্গি দমনে অন্য পদ্ধতি ব্যবহার করতে হলে, বর্তমানের চেয়ে অনেক বেশিসংখ্যক সেনা প্রয়োজন হতো। সে ক্ষেত্রে আরও বেশি অনধিকার চর্চা ঘটত।তবে ড্রোন হামলার বিষয়ে আমেরিকা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে—এই দাবি করে ওবামা বলেন, তালিকাভুক্ত যেসব সন্ত্রাসী মার্কিন নাগরিক, মার্কিন ঘাঁটি বা অন্যান্য স্থাপনার ওপর আঘাত হানার ব্যাপারে সক্রিয় ছিল, তাদের নির্মূল করাই ওই ড্রোন হামলার মূল লক্ষ্য ছিল। এ ছাড়া ওই এলাকাগুলোতে আল-কায়েদা জঙ্গি দমনে সংশ্লিষ্ট দেশের সেনাবাহিনীর সক্ষমতা ছিল না বলে মন্তব্য করেন ওবামা।তবে ইরাকে ড্রোন ব্যবহারের বিষয়ে সম্প্রতি বের হওয়া খবর নাকচ করে দিয়ে ওবামা বলেন, সেখানে রাষ্ট্রীয় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত ড্রোন ব্যবহার করা হয়েছে।ভিডিও আড্ডার সময় ড্রোন হামলা ছাড়াও কংগ্রেসে উত্থাপিত পাইরেসি রোধ-সংক্রান্ত বিল, নিজ দেশে বেকারত্বের হার বৃদ্ধি সত্ত্বেও উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের ভিসা প্রদান এবং সরকারি সংস্থাগুলোকে একীভূতকরণ-সংক্রান্ত বিষয়ে প্রশ্নের জবাব দেন ওবামা।মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ নিয়ন্ত্রিত এই ড্রোন হামলার বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি দমনে এই হামলার বিষয়ে বিশ্ববাসী এ পর্যন্ত খুব কম তথ্যই জানে। তবে সাম্প্রতিক সময়ে এই ড্রোন হামলার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের হিসাবে, ২০১০ সালে ওই এলাকায় ১০১ বার ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে পরের বছর চালানো হয়েছে ৬৪ বার। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান নিউ আমেরিকান ফাউন্ডেশনের হিসাবে, গত আট বছরে পাকিস্তানে ড্রোন হামলায় এক হাজার ৭১৫ থেকে দুই হাজার ৬৮০ জন প্রাণ হারিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ড্রোন হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এএফপি, বিবিসি, পিটিআই।