
পাকিস্তানের মাটিতে ড্রোন (মানুষবিহীন বিমান) হামলা বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত বুধবার ওয়াশিংটনে ওবামার সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই নেতা ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই নেতাই পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেন। কাশ্মীরে সীমান্তরেখায় পাকিস্তান-ভারত উত্তেজনা ও আফগানিস্তান প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকের পর নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছি। ড্রোন হামলার বিষয়টি তুলে ধরে এ ধরনের হামলা বন্ধের প্রয়োজনীয়তা উল্লেখ করেছি।’
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে ড্রোন হামলার বিষয়ে কোনো কথা বলেননি।
বারাক ওবামা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান এখনো গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তবে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি ও সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি স্বীকার করেন তিনি। একে একধরনের চ্যালেঞ্জ বলে উল্লেখ করে ওবামা বলেন, ‘এই চ্যালেঞ্জকে উত্তেজনার উৎস নয়, বরং দুই দেশের শক্তিশালী বন্ধনের উৎস হিসেবে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তানের ‘নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে।
কাশ্মীর প্রসঙ্গে নওয়াজের অবস্থানের প্রশংসা করেন ওবামা। তিনি বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে বিচক্ষণের মতো অবস্থান নিয়েছেন নওয়াজ। মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তেজনার কারণে দুই দেশ শত শত কোটি ডলার ব্যয় করছে। এই অর্থ শিক্ষা ও সামাজিক কল্যাণ খাতে ব্যয় করলে অনেক বেশি লাভজনক বিনিয়োগ হতো।
পরে ওবামা ও নওয়াজ যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে দেশটির সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
কয়েক বছর ধরে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কে টানাপোড়েন চলছে। ২০১১ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে পাকিস্তানে গোপন মার্কিন অভিযান, তার পরপর মার্কিন বিমান হামলায় পাকিস্তানের ২২ সেনা নিহত হওয়ার ঘটনা এবং দেশটিতে একের পর এক মার্কিন ড্রোন হামলার কারণে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। এর জের ধরে যুক্তরাষ্ট্র বেশ কিছু খাতে পাকিস্তানের প্রতি সহায়তা স্থগিত করে।
নওয়াজ গত রোববার তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শুরু করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও সবশেষে ওবামার সঙ্গে বৈঠক করেন তিনি। বিবিসি ও এএফপি।