পাকিস্তানে ড্রোন হামলার অবসান 'শিগগির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান ড্রোন হামলা ‘খুব শিগগির’ বন্ধ হবে বলে তিনি আশা করেন। ধারণা করা হচ্ছে, এই বার্তার মাধ্যমে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ দেশটিতে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব দূর হবে।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক শেষে জন কেরি বলেন, পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা এবং ২০১১ সালের ১১ মে ওসামা বিন লাদেন হত্যার কারণে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের যে তিক্ততা সৃষ্টি হয়েছে, তা দূর করে একযোগে কাজ করতে তাঁরা সম্মত হয়েছেন। ওই দিনই পরে পাকিস্তান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কেরি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন অধিকাংশ বিষয় দূর করা হয়েছে এবং বাকিগুলোও দূর করা হচ্ছে। তাই ড্রোন হামলা শিগগিরই বন্ধ হতে পারে।
এজন্য কোনো সময়সীমা নির্ধারিত হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে কেরি বলেন, তিনি মনে করেন প্রেসিডেন্ট ওবামা সময়সীমার ব্যাপারে বেশ সচেতন। ড্রোন হামলা বন্ধের সময়সীমা হতে পারে খুব শিগগির।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানসহ আফগান সীমান্তবর্তী অঞ্চলে ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে আসছে। রয়টার্স।