পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় একের পর এক মার্কিন ড্রোন (মানববিহীন বিমান) হামলার কারণে সেখানকার বেসামরিক নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।ইসলামাবাদের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতি এলাকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার পর হতাহত ব্যক্তিদের জঙ্গি হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র।পেন্টাগন বলছে, দেশের নিরাপত্তার জন্য তারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে। তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর প্রতিবেদনে দেখা গেছে, এসব হামলায় অনেক বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটছে। এমনকি হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়েও ড্রোন হামলায় প্রাণ দিচ্ছে বা আহত হচ্ছে নিরীহ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, সেখানকার সাধারণ মানুষ সারাক্ষণ ভীতির মধ্যে থাকে। তারা কোথাও জড়ো হতেও ভয় পায়।যেসব বেসামরিক মানুষ ড্রোন হামলায় হতাহত হচ্ছে, তাদের পরিবার আর্থিক ও মানসিকভাবে দীর্ঘমেয়াদি দুর্ভোগের শিকার হচ্ছে। হামলায় সম্পদ নষ্ট হচ্ছে। সব মিলিয়ে মার্কিন ড্রোন হামলা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করেছে মানসিক চাপ।প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হচ্ছে।পাকিস্তানে ড্রোন হামলায় এ পর্যন্ত আল-কায়েদা ও তালেবানের শীর্ষস্থানীয় অনেক নেতা নিহত হয়েছেন। তবে বেসামরিক লোকজনসহ মোট কতজন নিহত হয়েছে, সে সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। কেননা, দেশটির আফগান সীমান্তবর্তী যে এলাকায় ড্রোন হামলা চালানো হচ্ছে, সেখানে স্বাধীন গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি।