পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী এখনো ঠিক হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম এখনো ঠিক করতে পারেনি সংসদীয় কমিটি। আজ শুক্রবারের মধ্যে তাদের নাম চূড়ান্ত করার কথা। আজ শুক্রবারের মধ্যে সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচন করতে না পারলে ফয়সালা নির্বাচন কমিশনের (ইসিপি) হাতে চলে যাবে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদীয় কমিটির অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন বাধ্যতামূলক বলে প্রথম বৈঠকে একমত হয়েছিলেন কমিটির সদস্যরা। কমিটির সদস্যরা মনে করছেন, এই ইস্যুতে কোনো ঐকমত্য না-ও হতে পারে। দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির এক সদস্য খাওয়াজা সাদ রফিক বলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচনে এই কমিটি ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনারের গৃহীত সিদ্ধান্ত সবার কাছে গ্রহণযোগ্য হবে। ডন।