পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত
পাকিস্তানের ধর্মমন্ত্রী খুরশিদ শাহ গতকাল শনিবার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন-প্রক্রিয়া নস্যাতে ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ।পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডন জানায়, দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) ও কেন্দ্রীয় মন্ত্রী খুরশিদ শাহ গতকাল সুক্কুর শহরে এক সমাবেশে আরও বলেন, তাঁর দলের ঐক্যের রাজনীতির কারণে দেশ থেকে স্বৈরশাসনের অবসান ঘটেছে। সাধারণ নির্বাচনের আগে বেলুচিস্তানের রাজনৈতিক দৃশ্যপটেরও উন্নয়ন ঘটবে।এর আগের দিন শুক্রবার জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সাংসদ চৌধুরী নিসার আলী খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে আন্তদলীয় বৈঠকে একজনের নাম চূড়ান্ত করা হয়েছে।ইতিমধ্যে কয়েকটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ, জামায়াত-ই-ইসলামী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ও জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজলের নেতারা অবসরপ্রাপ্ত বিচারপতি নাসির আসলাম জাহিদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন।বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য তিনি শিগগির জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতার সঙ্গে পরামর্শ করবেন।এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল লাহোরে প্রাদেশিক পরিষদের সদস্যদের এক বৈঠকে সরকারের বিরুদ্ধে নির্বাচন পণ্ড করতে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্ট জারদারি ও তাঁর অনুসারীরা কেবল দেশের সম্পদ লুটপাটের দিকেই মনোনিবেশ করে আছেন। জনগণ এসব ‘চোর ও দুর্নীতিবাজদের’ দেখতে দেখতে ক্লান্ত। আসন্ন সাধারণ নির্বাচনে জনগণ তাঁদের জবাবদিহির মুখোমুখি করবে। ডন।