পাকিস্তানে তত্ত্বাবধায়কপ্রধান মির হাজার খান খোসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। দুই দিন দফায় দফায় আলোচনা শেষে দেশটির নির্বাচন কমিশন গতকাল রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বিচারপতি মির হাজার খান খোসোর নাম চূড়ান্ত করে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর প্রধান কাজ হবে আগামী ১১ মে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা।পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফখরুদ্দিন ইব্রাহিমের সভাপতিত্বে গতকাল বৈঠকে মির হাজার খান খোসোর নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় কমিটির কাছ থেকে পাওয়া চারজনের নামের তালিকা নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করেছি। ওই তালিকা থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য বিচারপতি মির হাজার খান খোসোর নাম চূড়ান্ত করা হয়েছে।’সিইসি জানান, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতের ভিত্তিতে খোসোর নাম চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনের সদস্য সাবেক বিচারপতি রিয়াজ কিয়ানি এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন। তাঁরা শিগগিরই খোসোর নাম সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।সদ্য সরকারের মেয়াদ পূর্ণ করা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন কমিশনে যে দুজনের নাম প্রস্তাব করে, তাঁদেরই একজন খোসো। অন্যজন ছিলেন ইসরাত হোসেন। পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ওই পদের জন্য সাবেক বিচারপতি নাসির আসলাম জাহিদ ও রসুল বখস পালিজোর নাম প্রস্তাব করেছিল।পিপিপি সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর সংবিধান অনুযায়ী প্রথমে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নির্বাচনে আলোচনা শুরু করে। কিন্তু তারা কোনো সিদ্ধান্তে আসতে না পারায় পিপিপি ও পিএমএল-এনের আটজনকে নিয়ে সংসদীয় কমিটি করা হয়। ওই কমিটিও নির্ধারিত সময়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়। পরে কমিটি গত শনিবার নির্বাচন কমিশনে চারজনের নামের তালিকা জমা দেয়। তত্ত্বাবধায়কপ্রধান মনোনীত করার জন্য নির্বাচন কমিশনের গতকালই ছিল শেষ দিন।নির্বাচন কমিশনের বৈঠকে কমিশনের অন্য চার সদস্য সাবেক বিচারপতি মুহাম্মদ রোশান, সাবেক বিচারপতি রিয়াজ কিয়ানি, সাবেক বিচারপতি শাহজাদ আকবর খান ও সাবেক বিচারপতি ফজল-উর-রেহমান অংশ নেন। খবর এএফপি, ডন, জিয়ো নিউজ।