পাকিস্তানে তল্লাশিচৌকিতে জঙ্গি হামলা, নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগর পেশোয়ারের উপকণ্ঠে গতকাল বুধবার শতাধিক জঙ্গির একটি দল নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে। হামলার সময় বন্দুকযুদ্ধে ১৭ জন জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য নিহত এবং অনেকেই আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা আবদুল জব্বার জানান, পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত আফগান সীমান্তবর্তী খাইবার এলাকার কাছে গতকাল ভোর হওয়ার আগে ওই হামলা হয়। তিনি বলেন, ‘হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও রকেটে সজ্জিত ছিল। আমরা সফলভাবে তাদের প্রথম হামলা প্রতিরোধ করি। জঙ্গিরা আবার হামলা চালালে তাদের সঙ্গে আড়াই ঘণ্টা গুলিবিনিময় হয়।’ কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে ২ মে মার্কিন সেনাদের হাতে পাকিস্তানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তালেবান জঙ্গিরা কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত মঙ্গলবার গুলি করে আল-কায়েদার সঙ্গে জড়িত পাঁচজন চেচেন জঙ্গিকে হত্যা করে। আল-কায়েদার ঘনিষ্ঠ সংগঠন তালেবান ওসামা হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। গত সপ্তাহেই পাকিস্তানি তালেবান দেশটিতে আত্মঘাতী হামলা চালায়। এতে ৮০ জন নিহত হয়। রয়টার্স।