পাকিস্তানে তালেবান দমনে আফগান বাহিনী!
আফগানিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান ভূখণ্ডে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। আর এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। একজন মার্কিন কর্মকর্তা গত বুধবার এ তথ্য প্রকাশ করেছেন। প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা নতুন বই ওবামাস ওয়ার-এ এসব তথ্য উল্লেখ করা হয়েছে। আগামী সোমবার বইটি প্রকাশ হওয়ার কথা। বইটির বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই দলটি আফগানিস্তানের অন্যতম সেরা ও সফল বাহিনী। দেশটির স্থিতিশীলতা ও নিরাপত্তা আনার ক্ষেত্রে তারা বড় ধরনের ভূমিকা পালন করেছে।’যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বইটির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। বইটির বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, আফগানিস্তানে তিন হাজার সদস্যের একটি শক্তিশালী আধাসামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে। এ দলের পৃষ্ঠপোষকতা করছে সিআইএ। পাকিস্তানে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার উদ্দেশ্যেই এ দলটি গঠন করা হয়েছে। এ তথ্য প্রকাশের ফলে ওয়াশিংটন ও কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।