পাকিস্তানে তালেবানের ফের যুদ্ধবিরতি ঘোষণা
পাকিস্তানের তালেবান তেহরিক-ই-তালিবান পাকিস্তান পুনরায় শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে নতুন করে আক্রমণ না হওয়ার আশ্বাস পেয়ে শনিবার এই ঘোষণা দেয় জঙ্গি সংগঠনটি। এদিকে তালেবানের এ সিদ্ধান্তকে ‘ইতিবাচক অগ্রগতি’ বলে স্বাগত জানানো হয়েছে।
গত মাসে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানোর গুঞ্জনের মধ্যেই এই ঘোষণা এল।
পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো মনে করে, পোলিও কর্মসূচির আড়ালে দেশটিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আবার পোলিওতে ব্যবহূত ওষুধের কারণে মানুষ সন্তান জন্মদানের ক্ষমতা হারায় বলে পাকিস্তানিদের মধ্যে একটি ধারণা প্রচলিত।
আবারও পোলিও কর্মীদের ওপর হামলা: পাকিস্তানে আবারও পোলিও কর্মীদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি গ্রামের রাস্তায় তিনটি বোমা পুঁতে রাখা হয়েছিল। ওই গ্রামটি আফগান সীমান্তের কাছে এবং পেশোয়ার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।
পাকিস্তানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জাহাঙ্গীর খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আধা সামরিক বাহিনীর নিরাপত্তায় পোলিও কর্মীদের একটি দল দুটি গাড়িযোগে খাইবার পাখতুনখাওয়ার লাশোরা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে পুঁতে রাখা তিনটি বোমা বিস্ফোরিত হয়। এতে আধা সামরিক বাহিনীর ১১ জন সদস্য ও এক শিশু নিহত হয়। এএফপি, রয়টার্স।